শৈলকূপায় বাসচাপায় ট্রাকচালক নিহত

সকালে বড়দাহ ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাক রাস্তার পাশে থামিয়ে একটি স্থানীয় দোকানে চা খেতে যান আব্বাস। চা খাওয়া শেষে পুনরায় গাড়িতে ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন তিনি।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত |প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকূপায় দ্রুতগতির বাসের চাপায় আব্বাস হোসেন (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বড়দাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্বাস হোসেন যশোরের চুরামনকাটি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বড়দাহ ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাক রাস্তার পাশে থামিয়ে একটি স্থানীয় দোকানে চা খেতে যান আব্বাস। চা খাওয়া শেষে পুনরায় গাড়িতে ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় খুলনা থেকে কুষ্টিয়া অভিমুখী ‘রূপসা পরিবহন’ নামে একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী জানান, দুর্ঘটনার পর পরই ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। চালকসহ বাসটি শনাক্ত করার জন্য পুলিশি তৎপরতা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।