সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যানবাহন থেকে চাঁদাবাজি বন্ধে উদ্যোগ নিয়েছেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
শনিবার (১৮ এপ্রিল) সকালে উল্লাপাড়া পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এ উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
এ সময় মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘উল্লাপাড়াকে চাঁদাবাজিমুক্ত করা আমার নির্বাচনী অঙ্গীকার ছিল। পৌর শহরের ভেতরে নির্ধারিত বাস টার্মিনাল ছাড়া অন্য কোথাও কোনো যানবাহন থেকে চাঁদা নেয়া যাবে না। কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরো বলেন, ‘সাধারণ চালক ও শ্রমিকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। এতে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং জনগণের আস্থা বৃদ্ধি পাবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, উপজেলা জামায়াতের দফতর সম্পাদক আব্দুল বারীসহ স্থানীয় জামায়াত নেতা এবং পরিবহন শ্রমিকেরা।



