সাভারে মানারাত ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠিত

‘গত ১৭ বছর মুক্তিযুদ্ধের পক্ষের ও বিপক্ষের শক্তির নামে জাতিকে বিভক্ত করা হয়েছিল। এ অবস্থা থেকে বের হতে না পারলে দেশকে ভালো রাখা কঠিন হয়ে পড়বে।’

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ঢাকা-১৯ আসনের এমপি ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবু
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ঢাকা-১৯ আসনের এমপি ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবু |নয়া দিগন্ত

ঢাকার সাভারে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগানে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম ও ইংরেজি বিভাগের ছাত্রী নাহিয়ান ইবনাতের পরিচালনায় নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবু।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

প্রধান অতিথির বক্তব্যে ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন নবাগত ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন, জীবনে বড় হতে চাইলে তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকাদের সম্মান ও শ্রদ্ধার পাশাপাশি তাদের দোয়া নিতে হবে। ছাত্রছাত্রীদের আলোকিত মানুষ হয়ে দেশ, জাতি ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে।

তিনি বলেন, গত ১৭ বছর মুক্তিযুদ্ধের পক্ষের ও বিপক্ষের শক্তির নামে জাতিকে বিভক্ত করা হয়েছিল। এ অবস্থা থেকে বের হতে না পারলে দেশকে ভালো রাখা কঠিন হয়ে পড়বে।

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম নবাগত ছাত্রছাত্রীদের জীবনে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, ভয়কে জয় করে কীভাবে দেশের জন্য কাজ করতে হয়, তা জীবন দিয়ে দেখিয়ে গেছেন শহীদ শরিফ ওসমান হাদি। পঞ্চাশ বছর পর দেশকে কোথায় দেখতে চাই, সে জন্য আজই আমাদের তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা গ্রহণের দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে।

সভাপতির বক্তব্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রির চেয়ারম্যান মুহাম্মদ ফজলুর রহমান বলেন, এ সেন্টার অব অ্যাকাডেমিক অ্যান্ড মোরাল এক্সিলেন্স স্লোগান সামনে রেখে জাতিকে নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা উপহার দেয়ার যে প্রতিজ্ঞা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তা বাস্তবায়নে চেষ্টা করে যাচ্ছে।

অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মো: মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো: মাহবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. আবু আইয়ুব মো: ইব্রাহিম, রেজিস্ট্রার এ এইচ এম আবু সাঈদ, ট্রেজারার মো: মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীনের সহধর্মিণী ও লায়ন্স ইন্টারন্যাশনালের সেকেন্ড ভাইস গভর্নর সাবিনা সিদ্দিকা।

এছাড়া নবাগত ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের হাসান জিহাদী, ইসলামিক স্টাডিজ বিভাগের মিফতাহুল ইসলাম সাবিত, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের আবদুল্লাহ তাহসিন, ইইই বিভাগের আবদুল্লাহ রুহান, ইংরেজি বিভাগের জান্নাতুল নাইমা মারিয়া ও সিএসই বিভাগের উম্মে হুমায়রা শাহরিন।