মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটদানের ছবি তোলায় রেজা মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট চলাকালীন এ ঘটনা ঘটে।
আটক রেজা স্থানীয় বালিয়াখোড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে এবং পেশায় একজন মুদি দোকানি।
কেন্দ্র সূত্রে জানা গেছে, রেজা ভোট দেয়ার সময় গোপন কক্ষের ভেতরে নিজের মোবাইল ফোনে ব্যালট পেপারের ছবি তুলছিলেন। বিষয়টি কেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে তাকে আটক করেন এবং মোবাইল ফোনটি জব্দ করেন। উল্লেখ্য যে, নির্বাচনী আইন অনুযায়ী ভোটকক্ষের ভেতরে মোবাইল ব্যবহার বা ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইটিং কর্মকর্তা এসএম হাফিজুর রহমান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ওই ব্যক্তিকে আটক করা হয়েছিল। খোঁজ নিয়ে জানা গেছে, সে সহজ সরল। তবে আটক যুবক নিজের ভুল স্বীকার করায় এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে লিখিত মুচলেকা প্রদান করায় আটকের প্রায় দুই ঘণ্টা পর তাকে ছেড়ে দেয়া হয়।



