মুন্সীগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

চক্রটির সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেলসহ একই অভিযানে বিপুল সংখ্যক মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

আজ (১৩ জুলাই) সোমবার সকালে পদ্মাসেতুর উত্তর থানায় এক সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মেনহাজুল আলম এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার জানান, শরীয়তপুরের জাজিরা উপজেলার আহাদি মাদবর কান্দি গ্রামের মো: সজিব (২৯) নামের এক যুবক গত ৯ জুলাই পদ্মাসেতু (উত্তর) থানার পশ্চিম কুমারভোগ নুরানি জামে মসজিদের সামনে থেকে তার মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনায় থানায় অভিযোগ করেন।

এ ঘটনায় পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: কামরান হোসেনের তদারকিতে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেলের নিবিড় তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নি:) অর্জুন দাসের নেতৃত্বে গঠিত পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে। এক পর্যায়ে ১২ জুলাই মধ্যরাতে নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জের বাপ্পী চত্ত্বর এলাকা থেকে সুমন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ি উপজেলা থেকে হৃদয় দেওয়ান (৩০) ও সজিব পাইক (২৪)কে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, পুলিশের চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযান পরিচালনাকালে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় আরো দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই অভিযান পরিচালনাকালে ১১০০ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজা উদ্ধার করার একপর্যায়ে এ সংক্রান্তে আলাউদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশ।

পুলিশ সুপার মো:মেনহাজুল আলম আরো জানান, চক্রটির সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক অর্জুন দাস, পদ্মাসেতু উত্তর থানায় অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন প্রমুখ।