সিলেটের সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল, ২ মাসে ৫৪ জনের প্রাণহানি

বিশেষ করে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও ভারী যানবাহনের সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া ও পথচারী চাপা দেয়ার ঘটনাই বেশি ঘটছে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet

সিলেট বিভাগে ক্রমেই সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল। চলতি বছরের দুই মাসে বিভাগের চার জেলায় ৫৫টি সড়ক দুর্ঘটনায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। এই সড়ক দsর্ঘটনার জন্য ভঙ্গুর যোগাযোগব্যবস্থা ও চালকদের বেপরোয়া গাড়ি চালানোকে দায়ী করেছেন বিশ্লেষকরা।

সংশ্লিষ্টরা বলছেন, সিলেট-ঢাকা মহাসড়ক অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা প্রয়োজন। সরকারকে দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া আঞ্চলিক মহাসড়কগুলোর সংস্কারও জরুরি। পাশাপাশি দক্ষ চালক তৈরি করাও প্রয়োজন। এটা করতে পারলে সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তথ্য বলছে, চলতি বছরের গেল জানুয়ারি মাসে সিলেট বিভাগে মোট ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৬৩ জন আহত হন।

বিশেষ করে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও ভারী যানবাহনের সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া ও পথচারী চাপা দেয়ার ঘটনাই বেশি ঘটছে।

সড়ক দুর্ঘটনার প্রতিবেদন বলছে, সিলেট-ঢাকা মহাসড়ক, সিলেট-তামাবিল সড়ক, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কসহ বিভিন্ন ফিডার রোডে দুর্ঘটনার ঝুঁকি বেশি। অতিরিক্ত গতি, ওভারটেকিং, অদক্ষ চালনা, মোটরসাইকেলে হেলমেট ব্যবহার না করা এবং রাতের বেলায় আলোর স্বল্পতা দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত।

নিসচার প্রতিবেদনের তথ্যানুযায়ী, সিলেট বিভাগে ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের প্রানহানি হয়েছে। এর মধ্যে ১০ জনই মোটরসাইকেল চালক ও আরোহী।

সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। কম সংঘটিত হয়েছে হবিগঞ্জ জেলায়। ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।

নিসচার তথ্য বলছে, ফেব্রুয়ারিতে সিলেট জেলায় ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

মৌলভীবাজার জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন।

জানা গেছে, ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১২টি সড়ক দুর্ঘটনায় ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৫টি সড়ক দুর্ঘটনায় ৭ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ১১টি সড়ক দুর্ঘটনায় ১১ জন চালক ও ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন পথচারী নিহত হয়েছেন।

এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৩টি দুর্ঘটনায় ৩ জন, মুখোমুখি সংঘর্ষে ৯টি দুর্ঘটনায় ৯ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ১টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। নিহত ২৬ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।