গাজীপুরে জুলাই শহীদদের স্মরণে মহিলা জামায়াতের আলোচনা সভা

সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিলা জামায়াতের ঢাকা অঞ্চল উত্তরের পরিচালিকা ও কেন্দ্রীয় শূরা সদস্য নাজমুন নাহার নাজমা বলেন, রক্তাক্ত জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের স্বপ্ন বাস্তবায়নে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

Location :

Gazipur
সভায় প্রধান অতিথিসহ মহিলা জামায়াতের দায়িত্বশীলগণ
সভায় প্রধান অতিথিসহ মহিলা জামায়াতের দায়িত্বশীলগণ |নয়া দিগন্ত

গাজীপুর মহানগর প্রতিনিধি

গাজীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে মহানগর মহিলা জামায়াত এ আলোচনা সভা আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিলা জামায়াতের ঢাকা অঞ্চল উত্তরের পরিচালিকা ও কেন্দ্রীয় শূরা সদস্য নাজমুন নাহার নাজমা বলেন, রক্তাক্ত জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের স্বপ্ন বাস্তবায়নে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান প্রত্যক্ষ করেছি। এই আন্দোলনের শহীদদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উদ্বোধনী বক্তব্যে মহানগর সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্য আমেনা বেগম বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতিকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হলে দেশে একটি আদর্শিক সমাজ প্রতিষ্ঠা করা জরুরি।

আলোচনা সভায় মহানগর সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্য মারুফা শহীদ ‘রক্তাক্ত জুলাইয়ের পটভূমি, আত্মত্যাগ ও প্রাপ্তি’ এবং সহকারী সেক্রেটারি নাজমুন নাহার লাভলী ‘জুলাই থেকে আমাদের শিক্ষা ও করণীয়’ বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণ, বেদনাময় ও আবেগঘন বক্তব্য শুনে উপস্থিত অতিথিরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পী নুসাইবার কণ্ঠে জুলাইয়ের গান এবং গাজীপুর মহানগর শিল্পগোষ্ঠীর পরিবেশনায় দেশাত্মবোধক ও দলীয় সংগীত, পুথি পাঠ, গীতি-আলেখ্য, আবৃত্তি ও নাট্যাভিনয় পরিবেশিত হয়।

সভায় গাজীপুর মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের দায়িত্বশীল, কর্মী, সহযোগী, শুভাকাঙ্ক্ষী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।