ওমানে ভয়াবহ বন্যার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির ভেতরে আটকে পড়া দুই ভারতীয় নাগরিককে উদ্ধার করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার যুবক সাগর সান।
সম্প্রতি তার এই সাহসিকতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রবাসী বাংলাদেশীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। একইসাথে বিভিন্ন মহলে প্রশংসায় ভাসছেন তিনি।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগে ওমানের বার্গা শহরে ওয়াদিগলোতে ভারী বর্ষণ হয়। এ সময় ওয়াদি পার হতে গিয়ে গত ২৩ মার্চ তীব্র স্রোতের মাঝে পড়ে যায় একটি সাদা প্রাইভেটকার। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পানির তোড়ে ভেসে গিয়ে একটি পিলারের সাথে আটকা পড়ে। এতে গাড়ির ভেতরে আটকে পড়েন দুই ভারতীয় নাগরিক। কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই সাগর ভারতীয় নাগরিকদের বাঁচাতে ঝাপিয়ে পড়েন। প্রথমে গাড়ির দরজার কাঁচ ভাঙ্গার চেষ্টা করেন। কয়েক দফা চেষ্টার পর গাড়ির দরজা খুলতে সফল হোন তিনি। শাহবাজ নামে পাকিস্তানের এক সহযোগীর মাধ্যমে গাড়ি থেকে তাদের উদ্ধার করেন তিনি।
সাগর সান বলেন, ‘ওই মুহূর্তে নিজের নিরাপত্তার কথা ভাবিনি। মানবিক দায়িত্ববোধ থেকেই ঝাঁপিয়ে পড়েছিলাম। আল্লাহর রহমতে তাদের বাঁচাতে পেরেছি।’
তিনি আরো বলেন, ‘অনেকেই তখন ভিডিও করছিলেন, কিন্তু কেউ এগিয়ে আসেননি। আমি মনে করেছি, আল্লাহ হয়তো আমাকে তাদের সাহায্যের জন্যই সেখানে পাঠিয়েছেন।’
সাগর বলেন, ‘এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশের সুনামও বয়ে এনেছে। প্রবাসে দেশের নাম উজ্জ্বল করতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।’
সাগর সান নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ফতুল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দাপা কবরস্থান রোড এলাকার মরহুম হেমায়েত উদ্দিনের ছেলে। তিনি ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় ও সরকারি তোলারাম কলেজে পড়াশোনা করেছেন। ২০২৩ সালের ১৪ এপ্রিল ওমানে যান তিনি।



