সুনামগঞ্জের তাহিরপুরে ঈদের দিন নানাবাড়ি যাওয়ার পথে যাদুকাটা নদীতে খেয়া নৌকা ডুবে মৃত্যু হয়েছে ১০ বছরের শিশু সুফিয়ার। এতে আহত হয়েছে আরো ১৫ জন।
শনিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার লাউড়েরগড় বাজার থেকে পর্যটন স্পট শিমুল বাগানে যাওয়ার খেয়া নৌকাডুবিতে এ ঘটনা ঘটে।
শিশু সুফিয়া উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় চৌরাস্তা গ্রামের ছতু মিয়ার মেয়ে।
সুফিয়ার চাচা হারুন রশীদ জানান, সুফিয়া একাই শিমুল বাগান-সংলগ্ন মানিগাঁও গ্রামে তার নানার বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল।
স্থানীয়রা জানান, ঈদের দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিমুল বাগান, বারিক্কার টিলা, নীলাদ্রি লেকে ঘুরতে আসা পর্যটকদের আগমন অনেক বেশি হয়। এসময় তাড়াহুড়ো করে অতিরিক্ত যাত্রীবোঝাই করে লাউড়েরগড় বাজার ঘাট থেকে শিমুল বাগানের উদ্দেশে খেয়া নৌকাটি ছেড়ে যায়। যাদুকাটা নদীর মাঝামাঝি যাওয়ার পর খেয়া নৌকাটি হঠাৎ করে ডুবে যায়। এ সময় খেয়া নৌকায় থাকা লোকজনের চিৎকারে স্থানীয় এলাকাবাসী নৌকা নিয়ে ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধার করলেও যাদুকাটার পানিতে ডুবে যায় শিশু সুফিয়া। পরে স্থানীয়রা আধা ঘণ্টা পর যাদুকাটা নদী থেকে সুফিয়ার লাশ উদ্ধার করে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর ইসলাম বলেন, নৌকা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঈদের দিন থাকায় শিমুল বাগানে আসা অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে খেয়া নৌকাটি ডুবে যায়। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।



