সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২৩ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ট্যালেন্টপুলে ৬১ জন এবং সাধারণ গ্রেডে ১৬২ জন শিক্ষার্থী রয়েছে।
জাবাল-ই-নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো. সাইফুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
প্রধান আলোচক ও উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. জয়নুল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ জ ম কুতুবুল ইসলাম নোমানী, সাভার মডেল কলেজের অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন এবং জাবাল-ই-নূর ফাউন্ডেশনের ট্রেজারার ও মেধা মূল্যায়ন বৃত্তির সদস্য সচিব অধ্যক্ষ হোসাইন উদ্দিন।
বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তির গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও প্রধান আলোচক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদান, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।



