রাণীনগরে আগাছানাশক ছিটিয়ে জমির ধানগাছ নষ্ট

জমির মালিকানা নিয়ে দীর্ঘ বছর ধরে আদালতে মামলা চলমান রয়েছে। এর আগে গত বছর ইরি/বোরো মৌসুমে এবং গত আমন মৌসুমেও একই কায়দায় আগাছা নাশক ছিটিয়ে ধান পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)

Location :

Naogaon
নষ্ট করা ধানগাছ
নষ্ট করা ধানগাছ |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন জমির ধানে আগাছানাশক ছিটিয়ে প্রায় দেড় বিঘা জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ ওঠেছে।

রোববার (৫ এপ্রিল) উপজেলার একডালা ইউনিয়নের ঘাটাগন মৌজার মাঠে এ ঘটনা ঘটে।

জমির মালিক দাবিদার উপর তালিমপুর গ্রামের ফায়েজ আলীর ছেলে মোকছেদ আলী এবং নাছির আলীর ছেলে গোলাম রাব্বানীর ভাই আনিছার রহমান জানান, এলাকার ঘাটাগন মৌজার মাঠে জমিতে ধান রোপন করেছেন তারা। ইতোমধ্যে জমির সবগুলো ধান থেকে শীষ বের হয়েছে। রোববার সকালে জমিতে গিয়ে দেখতে পান কে বা কারা রাতের অন্ধকারে আগাছা নাশক ছিটিয়ে প্রায় দেড় বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে। এর মধ্যে মোকছেদ আলীর ১৪ শতক এবং আনিছার রহমানের ভাই গোলাম রাব্বানীর রয়েছে সাড়ে ২৭ শতক জমির ধান রয়েছে।

তাদের অভিযোগ, একই গ্রামের শফির প্রামানিকের ছেলে বুলু প্রামানিকসহ কয়েকজনের সাথে জমির মালিকানা নিয়ে দীর্ঘ বছর ধরে আদালতে মামলা চলমান রয়েছে। এর আগে গত বছর ইরি/বোরো মৌসুমে এবং গত আমন মৌসুমেও একই কায়দায় আগাছা নাশক ছিটিয়ে ধান পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

তারা ধারণা করে বলেন, যেহেতু ওই জমির মালিকানা নিয়ে প্রতিপক্ষের সাথে বিবাদ রয়েছে সেহেতু তারাই হয়তো আগাছা নাশক ছিটিয়ে ধান পুড়িয়ে দিয়েছে। এঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন তারা।

অভিযোগ অস্বীকার করে বুলু প্রামানিক বলেন, ‘অসুস্থ্যতার কারণে প্রায় ২০ থেকে ২৫ দিন ধরে আমি বাড়িতে নেই। কারা এটা করেছে তাও বলতে পারছি না। ‘

তিনি দাবি করে বলেন,‘ওই জমিতে আমরাই আগে ধান রোপন করেছিলাম। পরে তারা রোপনকৃত ধান তুলে ফেলে দেয়।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’