চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে তেল, সার, বীজসহ বিভিন্ন পণ্যে অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ভালাইপুর মোড় ও দৌলৎদিয়াড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, জ্বালানি তেল, ঔষধ, সার ও বীজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকির সময় একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ সময় মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয় ও সংরক্ষণের দায়ে ভালাইপুর বাজার এলাকার মেসার্স কুদ্দুস বীজ ভাণ্ডার ও কীটনাশক নামক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সার বিক্রয় ও বিক্রির ভাউচার সংরক্ষণ না করার অপরাধে একই এলাকার মেসার্স নিউ তুষার ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে পরিমাপক যন্ত্রে কারচুপির অভিযোগে চুয়াডাঙ্গা শহরের অদূরে দৌলৎদিয়াড়ে অবস্থিত মেসার্স রহমান অটোমোবাইলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই অভিযানে মোট এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসময় ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশু খাদ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল।



