গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মিম আক্তার (১৯) ও পরশ প্রধান (২১) প্রেমিক জুটির একসাথে বিষপানের ঘটনা ঘটেছে। এতে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রেমিক।
রোববার (১৯ এপ্রিল) সকালে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মিম আক্তারের মৃত্যু হয়। অন্যদিকে উন্নত চিকিৎসার জন্য প্রেমিক পরশকে নেয়া হয়েছে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
নিহত মিম আক্তার উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের শফিউল ইসলামের মেয়ে ও আহত পরশ প্রধান একই গ্রামের আব্দুল হামিদ প্রধানের ছেলে।
স্থানীয়রা জানান, মিম আক্তারের সাথে পরশ প্রধান নামের এক যুবক দীর্ঘদিন ধরে চুপিসারে প্রেম-ভালোবাসা করে আসছিল। কয়েক মাস আগে মিম আক্তারের অন্যত্র বিয়ে হয়। বিয়ের পরও মিম ও পরশের মধ্যে গোপনে প্রেম-ভালোবাসা চলছিল। এরই মধ্যে মিম বাবার বাড়িতে বেড়াতে আসেন। একপর্যায়ে উভয়ের মধ্যে অভিমান সৃষ্টি হয়। এই অভিমান থেকে শুক্রবার (১৭ এপ্রিল) সকালের দিকে দু’জনই বিষপান করেন।
এরপর স্বজনরা টের পেয়ে মিম আক্তারকে অসুস্থ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তার মৃত্যু হয়। অপরদিকে আজ সকালে পরশ প্রধানকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেয়া হয়।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, মিম আক্তার নামের এক নারী হাসপাতালে মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। এরপর সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা হয়েছে।



