নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল শাখা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
বুধবার (১৯ আগস্ট) সকালে ৮টার দিকে উপজেলার লোহাগড়া ইউনিয়নের ছাগলছেড়া, জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা ও ধানাইড়, কোটাকোল ইউনিয়নের তেলকাড়া, রায়পাশা এলাকায় ভাঙ্গন কবলিত এলাকা ট্রলার যোগে ঘুরে দেখেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন।
উপস্থিত ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্বস্ত করে আতাউর রহমান বাচ্চু বলেন, ‘মধুমতী নদীর ভাঙনরোধে বিভিন্ন স্থানে জিও ব্যাগ ফেলার কাজ অব্যাহত রয়েছে। দ্রুতই স্থায়ীভাবে ভাঙ্গন প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও নদী ভাঙ্গনে যারা সর্বস্ব হারিয়েছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’
পরে তিনি লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পারমল্লিকপুর এলাকায় একটি কাঁচা সড়ক প্রদক্ষিণ করেন ও সড়কটি পাকা করণের বিষয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নড়াইল জেলার কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাদিউজ্জামান, সেক্রেটারি জেনারেল সেকেন্দার আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য মো: এমদাদুল হক এমদাদ, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ইমরান হুসাইনসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।



