জাদুমন্ত্র করার অভিযোগে ভাতিজার হাতে চাচা খুন

নিহত আশেদ আলী ওই এলাকার মরহুম রফিকুল ইসলামের মেজো ছেলে। অভিযুক্ত নুর হাবিব সুমন নিহতের বড় ভাই নুর আলমের ছেলে।

মো: জামাল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ)

Location :

Niamatpur
নুর হাবিব সুমন
নুর হাবিব সুমন |নয়া দিগন্ত

নওগাঁর নিয়ামতপুরে ভাতিজা নুর হাবিব সুমনের (৩২) হাতে চাচা আশেদ আলীর (৫৫) খুনের অভিযোগ উঠেছে। অভিযুক্তের দাবি, তাকে কথিত জাদুমন্ত্র করায় এ খুন হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজাকে উপজেলার চৌপুকুরিয়া নামক স্থান থেকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আশেদ আলী ওই এলাকার মরহুম রফিকুল ইসলামের মেজো ছেলে। অভিযুক্ত নুর হাবিব সুমন নিহতের বড় ভাই নুর আলমের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই পরিবারের সবাই একই বাড়িতে বসবাস করেন। সোমবার সকালে আশেদ গরুকে পানি খাওয়াচ্ছিলেন। অন্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আশেদ কোনো একটি বিষয় নিয়ে সুমনের সাথে কথা বললে তিনি রাগান্বিত হয়ে হাঁসুয়া দিয়ে পেছন থেকে চাচার মাথায় উপর্যুপরি আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে এসে চাচা আশেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, ‘কী কারণে এমন ঘটনা ঘটাল তা আমরা বুঝতে পারছি না। তবে সুমনের মনের ভেতরে ক্ষোভ থাকতে পারে।’

অন্যদিকে সুমনের দাবি, তাকে জাদুমন্ত্র করা হয়েছিল।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘অভিযুক্ত ভাতিজা নুর হাবিব সুমনকে উপজেলার চৌপুকুরিয়া নামক স্থান থেকে আটক করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’