ফেনী-৩ আসনে ১১ দলীয় জোটের সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা: ফখরুদ্দিন মানিক বলেছেন, ‘আমরা দুর্নীতি করি না। কাউকে দুর্নীতি করতেও দেবো না। সকল প্রকার সন্ত্রাস-চাঁদাবাজি ও সরকারি অফিস-আদালতে ঘুষ লেনদেন করতে দেবো না। দাঁড়িপাল্লা বিজয়ী হলে দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে কাউকে জুলুমের শিকার হতে হবে না। তাহলেই এ জনপদের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে দাগনভূঞার আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুদ্দিন মানিক বলেন, দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে এই জনপদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। এখনকার সমস্যাগুলো চিহ্নিত করেছি। এবার দেশব্যাপী দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। একপক্ষ এ গণজোয়ার দেখে মা-বোনদের ভয়ভীতি প্রদর্শন করছে। কেন্দ্র দখলের পায়তারা ও হুমকি-ধমকি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। কোনো কিছুই এবার ডা: শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর বিজয় ঠেকাতে পারবে না।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল হান্নান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ।
দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর আমির গাজী ছালাহ উদ্দিনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- ফেনী জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হানিফ হেলাল, দাগনভূঞা উপজেলা জামায়াতের সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা নুর নবী দুলাল প্রমুখ।



