রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) প্রথমবারের মতো নগরবাসীর মাঝে বিনামূল্যে প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ কার্যক্রম শুরু করেছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গোশত স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ ও কোরবানি-পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নগরীর দরগাপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।
এ সময় তিনি কয়েকজন নাগরিকের হাতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার তুলে দেন। পরে তিনি দরগাপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।
রাসিক সূত্রে জানা গেছে, এই বিশেষ উদ্যোগের আওতায় রাজশাহী মহানগরীর প্রায় ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির গোশত সংরক্ষণের জন্য তিনটি করে পরিবেশবান্ধব ব্যাগ দেয়া হবে। গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য দু’টি বড় পরিবেশবান্ধব ব্যাগ ও এক কেজি ব্লিচিং পাউডার দেয়া হবে। এছাড়া ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য একটি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার দেয়া হবে।
উদ্বোধনকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি মুসলিম পরিবারকে পরিবেশবান্ধব ব্যাগ দেয়া হচ্ছে যাতে কোরবানির গোশত স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ করা যায়। পাশাপাশি কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের জন্য ব্লিচিং পাউডারও দেয়া হচ্ছে। এসব ব্যাগ সম্পূর্ণ পচনশীল, যা মাটির সাথে মিশে যাবে। ভবিষ্যতে রাজশাহীকে পলিথিনমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা আশা করছি, ১০-১২ ঘণ্টার মধ্যেই নগরীর সব কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হবো। ঈদের পরদিনই নগরবাসী পরিচ্ছন্ন রাজশাহী দেখতে পাবেন।’
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, ‘কোরবানি-পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ করে নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও স্বাস্থ্যসম্মত রাখা আমাদের সবার দায়িত্ব। ড্রেনের ওপর পশু জবাই করা এবং ড্রেনে রক্ত বা বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে। কোরবানির বর্জ্য রাসিকের দেয়া ব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখতে হবে, যাতে পরিচ্ছন্নতাকর্মীরা সহজে সংগ্রহ করতে পারেন। একইসাথে পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের পর পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে।’
রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো: মামুন ডলার বলেন, ‘সারাদেশের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনই প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। এটি রাসিক প্রশাসকের একটি ব্যতিক্রমধর্মী ও উদ্ভাবনী উদ্যোগ। সকলের সহযোগিতায় আমরা এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে চাই।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লেমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।



