কুমার নদীতে নিখোঁজ কৃষক মিঠু খলিফার লাশ উদ্ধার

বাড়ির পাশের কুমার নদীর ওপারে গিয়ে পাট ধোয়া শেষ করেন কৃষক মিঠু খলিফা। পরে সাঁতার কেটে নিজ পাড়ে ফেরার সময় পাড়ের কাছাকাছি একটি বাঁশের খুঁটি ধরে নদীর ওপারে থাকা লোকজনের সাথে কথা বলছিলেন। একপর্যায়ে হঠাৎ তিনি নদীতে নিখোঁজ হয়ে যান।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Faridpur
মৃত কৃষক মিঠু খলিফা
মৃত কৃষক মিঠু খলিফা |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদীতে পাট ধুতে গিয়ে নিখোঁজ হওয়া কৃষক মিঠু খলিফার (৬০) লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের গোহালা খালের মধ্যে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

মিঠু খলিফা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দা গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ১টার দিকে বাড়ির পাশের কুমার নদীর ওপারে গিয়ে পাট ধোয়া শেষ করেন কৃষক মিঠু খলিফা। পরে সাঁতার কেটে নিজ পাড়ে ফেরার সময় পাড়ের কাছাকাছি একটি বাঁশের খুঁটি ধরে নদীর ওপারে থাকা লোকজনের সাথে কথা বলছিলেন। একপর্যায়ে হঠাৎ তিনি নদীতে নিখোঁজ হয়ে যান।

খবর পেয়ে স্থানীয়রা নৌকা ও মাছ ধরার জাল নিয়ে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেন। পরে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার সন্ধান না পাওয়ায় ফরিদপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে দিনব্যাপী নদীতে তল্লাশি চালায়। তবে শনিবার রাতে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

অবশেষে রোববার সকালে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের গোহালা খালের মধ্যে ভাসমান অবস্থায় মিঠু খলিফার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।