মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১২ জন।
রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম মাসুদ। তিনি বরগুনার আমতলী উপজেলা-র মধ্য চন্দ্রা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দোগাছি এলাকায় একটি কাভার্ড ভ্যানের পেছনে বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাসুদ নামের এক যাত্রীর মৃত্যু হয় এবং বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



