নানা আয়োজনে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সোনারগাঁও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে।
সোনারগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পন, সোনারগাঁও স্টেডিয়ামে স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকালে স্বাধীনতা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন, সাবেক সিনিয়রসহ সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আ: বাতেন মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সোনারগাঁও স্টেডিয়ামে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজে নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁও থানার ওসি মো: মহিববুল্লাহ শিক্ষার্থীদের সালাম গ্রহণ করেন।
এদিকে সোনারগাঁও উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ এলাকায় বিজয় র্যালি বের করা হয়।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেনের নেতৃত্বে এ বিজয় র্যালিতে সোনারগাঁও উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন।
এছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, সোনারগাঁও পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁও প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।



