চিড়িয়াখানা থেকে সাভারের গবেষণা কেন্দ্রে ‘ডোনাল্ড ট্রাম্প’

বিএলআরআইয়ের তথ্য কর্মকর্তা দেবজিত ঘোষ বলেন, মহিষটির বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এবং গবেষণার সম্ভাবনা যাচাইয়ের জন্যই এটিকে গবেষণা প্রতিষ্ঠানে আনা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে এর প্রজনন সক্ষমতা, জিনগত বৈশিষ্ট্য এবং গবেষণায় ব্যবহারযোগ্যতা নিয়ে বিশেষজ্ঞরা কাজ করবেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Savar
আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ |সংগৃহীত

আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) স্থানান্তর করা হয়েছে। গবেষণা ও পর্যবেক্ষণের উদ্দেশ্যে আনা মহিষটিকে বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিএলআরআই সূত্রে এ তথ্য জানা যায়।

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় চিড়িয়াখানা থেকে আনুষ্ঠানিকভাবে মহিষটিকে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএলআরআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চিড়িয়াখানা থেকে আনা হওয়ায় মহিষটিকে প্রাথমিকভাবে ১৫ থেকে ২১ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে। এ সময় তার স্বাস্থ্যগত অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং রোগমুক্ত কি না তা নিশ্চিত করা হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো সংক্রমণের ঝুঁকি না থাকে, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এক কর্মকর্তা জানান, কোয়ারেন্টাইন চলাকালে মহিষটির কাছে সাংবাদিক বা বাইরের কাউকে যেতে দেয়া হচ্ছে না। স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।

বিএলআরআইয়ের তথ্য কর্মকর্তা দেবজিত ঘোষ বলেন, মহিষটির বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এবং গবেষণার সম্ভাবনা যাচাইয়ের জন্যই এটিকে গবেষণা প্রতিষ্ঠানে আনা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে এর প্রজনন সক্ষমতা, জিনগত বৈশিষ্ট্য এবং গবেষণায় ব্যবহারযোগ্যতা নিয়ে বিশেষজ্ঞরা কাজ করবেন।

উল্লেখ্য, গত কোরবানির ঈদের আগে নারায়ণগঞ্জের একটি খামারে লালন-পালন করা হচ্ছিল বিরল অ্যালবিনো জাতের এই মহিষটিকে। এর অস্বাভাবিক সাদা রঙ ও বিশেষ ধরনের চুলের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে মহিষটি দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে।

ঈদ উপলক্ষে মহিষটি কেরানীগঞ্জের জিনজিরার এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছিল। তবে ঈদের আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পুলিশ মহিষটিকে উদ্ধার করে। প্রথমে কেরানীগঞ্জ থানায় নেয়া হয় এবং পরে স্থানান্তর করা হয় মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। সেখান থেকে এবার গবেষণার উদ্দেশ্যে বিএলআরআইয়ে নেয়া হলো বহুল আলোচিত এই মহিষটিকে।