বগুড়ায় হাম রোগের প্রাদুর্ভাব কমানো, টিকা দান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) বৈজ্ঞানিক সভায় বক্তারা হাম প্রতিরোধে করণীয় সম্পর্কে জরুরি নির্দেশনা দিয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা আগামী ১০ মে পর্যন্ত দেশব্যাপী চলমান হাম-রুবেলা টিকা কার্যক্রম সফল করার আহ্বান জানান।
তারা বলেন, স্বাস্থ্যবিভাগের স্থায়ী টিকা দান কেন্দ্র ও স্যাটেলাইট ক্লিনিকগুলোতে নির্দিষ্ট দিবসে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের এ টিকা দেয়া হবে। এছাড়া জ্বর ও গায়ে লাল র্যাশ উপসর্গ নিয়ে আগত শিশুদের দ্রুত আইসোলেশন ও সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সভায় হাম সংক্রমণ প্রতিরোধে স্বাভাবিক স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়।
এনডিএফ সভাপতি শিশুরোগ বিশেষজ্ঞ মো: লিয়াকত আলীর সভাপতিত্বে ও অর্থোপেডিক্স সার্জন মো: সেলিম রেজা অনুষ্ঠানটি পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ বগুড়ার উপদেষ্টা অধ্যাপক আ স ম আব্দুল মালেক। বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন শিশুরোগ বিশেষজ্ঞ নাজমুল ইসলাম নাহিদ। প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ শওকত জামিল, শিশুরোগ ও নবজাতক রোগ বিশেষজ্ঞ মো: নজরুল ইসলাম ও শিশু সার্জারি বিশেষজ্ঞ এস এম নূর-ই-শাদীদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন এনডিএফ বগুড়ার সেক্রেটারি ও শিশু সার্জন মাহাবুবর রহমান সরকার।
অনুষ্ঠানে শজিমেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক সলিমুল্লাহ আকন্দ, শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ মিজানুর রহমান শিবলী, নাক-কান-গলা বিশেষজ্ঞ মাহফুজুল হক মামুন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুসা আল মনসুর, চক্ষু বিশেষজ্ঞ ইবরাহিম খলিলুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।



