ভোলার লালমোহনের বেতুয়ার খালে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রসাশন। অভিযানে চায়না দুয়ারি, পকেট জাল ও বিহন্দিসহ প্রায় ২০টি অবৈধ জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রোববার (৭ জুন) দুপুরে লালমোহন উপজেলার রমাগঞ্জ ও ধলীগৌরনগর ইউনিয়নের মধ্যবর্তী হাফিজ উদ্দিন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।
উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রেজাওয়ানুল হক।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আলী আহমদ আকন্দ জানান, বেতুয়ার খালে অবৈধ জালের বিরুদ্ধে সম্প্রতি মৎস্য অফিসের পক্ষ থেকে মাইকিং করা হয়। এ সময় খালে বসানো জাল নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য বলা হলেও কোনো মালিক তাদের বসানো জাল ওঠায়নি। এ কারণে নিষিদ্ধ চায়না বিহন্দিসহ বিভিন্ন প্রকার অবৈধ জালের ব্যবহার রুখতে অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রেজওয়ানুল হক জানান, চায়না ও বিহন্দি জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ ও মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সময় লালমোহন থানার পুলিশের একটি দল, উপজেলা ভূমি অফিসের নাজির মো: মেহেদী হাসান, প্রধান সহকারী মো: মাসুদ আলম, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো: ছাইফুল ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন।



