গাজীপুরে দেওয়ানগঞ্জগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের প্রায় ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকাগামী রেলপথের জয়দেবপুর জংশনের উত্তর পাশে চাপুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির যমুনা এক্সপ্রেস ট্রেনটি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ফলে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
জয়দেবপুর রেল স্টেশন ফারির ইনচার্জ কাইয়ুম আলী জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি।
পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



