বেড়া (পাবনা) সংবাদদাতা
পাবনার বেড়ায় অবৈধভাবে মজুত ও বেশি দামে বিক্রির দায়ে ৩ হাজার ৬০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই মজুদকারীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ এপ্রিলে) সকালে উদ্ধার করা তেল স্থানীয় কৃষক ও এলাকাবাসীর মধ্যে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয়।
এর আগে, রোববার রাত ১০টার সময় উপজেলার কাজীরহাট বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার কাজীরহাট বাজারের মিঠু স্টোর ও মুন সিগমা স্টোরে অভিযান চালানো হয়। এ সময় মিঠু স্টোর থেকে ১ হাজার ৬০০ লিটার ডিজেল ও মুন সিগমা স্টোর থেকে ২ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় মিঠু স্টোরের মালিক আব্দুল কদ্দুসকে ৫০ হাজার টাকা ও মুন সিগমা স্টোরের মালিক আব্দুস সালামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।



