ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত ২৮ ঘণ্টায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) ও রোববার উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত শনিবার দিবাগত রাত ২টার দিকে ক্যান্সারে আক্রান্ত হয়ে কনিকাড়া জোড়হাটির সূরজ মিয়ার ছেলে মানিক মিয়ার (৫৫) মৃত্যু হয়। এর আগে, শনিবার সকাল ১০টার দিকে সানু মিয়ার ছেলে আসলাম (৩৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। সম্পর্কে তারা দু’জন চাচাতো ভাই। পরে রোববার ভোরে ফজরের নামাজ আদায় করে হৃদরোগ আক্রান্ত হয়ে হাজী আব্দুল জব্বারের ছেলে জলিল মিয়ার (৬৫) মৃত্যু হয়। জলিল মিয়া সম্পর্কে মানিক ও আসলামের চাচা।
গ্রাম্য চিকিৎসক মাহমুদুর রহমান মাছুম বলেন, ‘গত ২৮ ঘণ্টায় ক্যান্সারে আমাদের দুই চাচাতো ভাই এবং হৃদরোগে আক্রান্ত হয়ে এক চাচার মৃত্যু হয়েছে।’
শিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম আর মজিব বলেন, ‘কনিকাড়া গ্রামে গত ২৮ ঘণ্টায় তিনজন মারা গেছেন।’



