শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

দীর্ঘদিন ধরে এই গ্রামে শের আলী ও মশিউর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল তার জের ধরে আজকে এই ঘটনা ঘটেছে।

মফিজুল ইসলাম, শৈলকূপা (ঝিনাইদহ)

Location :

Shailkupa
শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১
শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১ |নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার মাধবপুর গ্রামের বিএনপির সমর্থক শের আলী মাতব্বরের সাথে একই গ্রামের মশিউর রহমান মাতুব্বরের দীর্ঘদিন ধরে সামাজিকভাবে বিরোধ চলে আসছিল। তার জেরে আজ (বৃহস্পতিবার) সকালে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মোহন শেখ নামে একজন মারা যান এবং উভয় গ্রুপের ১৫ জনসহ বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে আহতদের মধ্যে আব্বাস নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে দায়িত্বরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

এ ব্যাপারে স্থানীয় জাব্বার নামের এক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে এই গ্রামে শের আলী ও মশিউর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল তার জের ধরে আজকে এই ঘটনা ঘটেছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, মাধবপুর গ্রামে সামাজিক দুই মাতুব্বরের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে। বর্তমানে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।