চুরির অপবাদ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা : শাশুড়ি গ্রেফতার

এ ঘটনায় নিহতের বাবা মামলা দায়ের করলে পুলিশ শাশুড়ি শরিফা খাতুনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

প্রতীকী ছবি

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার পূর্বধলায় টাকা চুরির অপবাদ ও পারিবারিক কলহের জেরে রূপা আক্তার (১৯) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।

শনিবার (২৩ মে) সকালে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রূপা উপজেলার সানকি ডুয়ারী গ্রামের নাঈম খানের স্ত্রী এবং আব্দুল মতিনের মেয়ে।

এ ঘটনায় নিহতের বাবা মামলা দায়ের করলে পুলিশ শাশুড়ি শরিফা খাতুনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে নাঈম খানের সাথে রূপার বিয়ে হয়। গত ৪/৫ দিন আগে শাশুড়ি শরিফা খাতুনের ড্রয়ার থেকে ১০ হাজার টাকা হারিয়ে গেলে তারা রূপাকে চোর সন্দেহ করেন। এ নিয়ে কথা কাটাকাটির জেরে শুক্রবার সকালে রূপা আক্তার বিষপান করেন। পরে স্বামী ও শাশুড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে শনিবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, চুরির অপবাদ ও কলহের জেরে ওই গৃহবধূ বিষপান করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের বাবার দায়ের করা মামলায় শাশুড়িকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। লাশের ময়নাতদন্তসহ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।