ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে শ্রী কিরণ পরিতোষ চন্দ্র (৫০) নামে এক হাজতি অসুস্থ হয়ে মারা গেছেন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, সকাল ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শ্রী কিরণ পরিতোষ চন্দ্র শ্রী যগেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে এবং তিনি কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নম্বর ২৪০৯৫/২৫ বলে জানা গেছে। তবে শ্রী কিরণ চন্দ্র কোন মামলার আসামি ছিলেন, তা জানা যায়নি।
কারারক্ষী তোফায়েল আহমেদ জানান, ‘সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে যাই। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।



