মাদককারবারি ও ছিনতাইকারী ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা গাজীপুর সিটি প্রশাসকের

‘মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। নতুন প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক বিভাজনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গাজীপুর সিটি করপোরশনের মাদকবিরোধী সুধী সমাবেশ
গাজীপুর সিটি করপোরশনের মাদকবিরোধী সুধী সমাবেশ |নয়া দিগন্ত

মাদককারবারি ও ছিনতাইকারীদের ধরতে এবার পুরস্কার ঘোষণা করেছে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক। মাদককারবারিকে হাতেনাতে ধরিয়ে দিতে পারলে এক লাখ ও ছিনতাইকারী ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেন তিনি।

সোমবার (২০ জুলাই) গাজীপুর মহানগরীর বাসন ও কোনাবাড়ি থানা এলাকায় পৃথক সুধী সমাবেশে এ ঘোষণা দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকার।

তিনি বলেন, ‘অপরাধীদের কোনো পরিচয় নেই। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজকে নিরাপদ রাখতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।’

সমাবেশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: ইসরাইল হাওলাদার রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজির সাথে জড়িতদের কোনোভাবেই রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।’

সোমবার দুপুরে বাসন থানার চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ও বিকেলে কোনাবাড়ী কলেজ মাঠে দু’টি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উভয় সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো: মজিবুর রহমান এবং প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করীম রনি।

প্রধান অতিথির বক্তব্যে এম মঞ্জুরুল করীম রনি বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। নতুন প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক বিভাজনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

সভাপতির বক্তব্যে মো: মজিবুর রহমান বলেন, ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো আপস নেই। সমাজের প্রতিটি মানুষকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের উপাধ্যক্ষ মো: শওকত আলী, বাসন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আলাউদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সরকার বাবুল, বিএনপি নেতা বশির আহমেদ বাচ্চু, মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, মুফতি নাসিরউদ্দিন, মাওলানা লেহাজ উদ্দিন, বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন শাহীন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লা, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর প্রমুখ।

বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির ও কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন পৃথক সমাবেশ দু’টি সঞ্চালনা করেন।