পোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Porsha
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটকরা
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটকরা |নয়া দিগন্ত

নওগাঁর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দেড় লাখ টাকার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) আটকদের জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বড়দাদপুর (মুন্নাকুড়ি) গ্রামের তোফাজুল হকের ছেলে দেলোয়ার হোসেন ওরফে দেলোয়ার (৩৩) ও একই গ্রামের (কাচারী পাড়া) এলাকার শ্রী বাবুল কর্মকারের ছেলে শ্রী গুরুপদ কর্মকার (২৭)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরে পাশে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে দেলোয়ার হোসেনের কাছ থেকে ৩৫০ পিস ট্যাপেন্টাডল এবং গুরুপদ কর্মকারের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। এছাড়াও দেলোয়ারের হেফাজত থেকে মাদক বহনে ব্যবহৃত ৬০ হাজার টাকা মূল্যের একটি লাল রঙের পুরাতন ডায়াং মোটরসাইকেল এবং তার কাছে থাকা মাদক বিক্রির নগদ দুই হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

তিনি জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে এবং আটকদের শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।