মাদারগঞ্জে তেল সঙ্কটের গুঞ্জনে পেট্রোল পাম্পে উপচে ভিড়

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। জনগণকে গুজবে বিভ্রান্ত না হয়ে দায়িত্বশীল আচরণ করার আহবান জানানো হয়েছে। অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

Location :

Madarganj
নয়া দিগন্ত

মো: ইয়াসির হোসাইন মাদারগঞ্জ (জামালপুর)

জ্বালানি তেলের সম্ভাব্য সঙ্কটের গুঞ্জন ছড়িয়ে পড়ায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেল চালক ও যানবাহনের মালিকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বুধবার (২২ জুলাই) রাত থেকেই উপজেলার লাবনী ফিলিং স্টেশনসহ বিভিন্ন পাম্পে শত শত বাইকারকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে দেখা গেছে। এতে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেড়ে যায় গ্রাহকের চাপ।

স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পরই অনেকে আগাম সতর্কতার অংশ হিসেবে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের ট্যাংক পূর্ণ করে রাখতে পাম্পে ভিড় করেন। ফলে পাম্পগুলোতে দীর্ঘ সারির সৃষ্টি হয় এবং সাধারণ গ্রাহকদেরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

মোটরসাইকেল চালক জাহাঙ্গীর বলেন, ফেসবুকে দেখলাম তেলের সঙ্কট হতে পারে। তাই পরে সমস্যায় পড়ার চেয়ে আগে থেকেই ট্যাংক ভর্তি করে রাখছি।

আরেক গ্রাহক আনোয়ার জানান, এত ভিড় আগে কখনো দেখিনি। প্রায় ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়েছে।

মাদারগঞ্জের মেসার্স লাবনী ফিলিং স্টেশনের ম্যানেজার মো: রাজু বলেন, গুজবের কারণে হঠাৎ করেই গ্রাহকের চাপ কয়েকগুণ বেড়ে গেছে। তবে আমাদের কাছে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং সরবরাহও স্বাভাবিক আছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

সচেতন মহলের মতে, যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গুজবে বিশ্বাস করে অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি তেল সংগ্রহের প্রবণতা সাময়িকভাবে সঙ্কটের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই তারা সবাইকে গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণ করার এবং সরকারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যের ওপর আস্থা রাখার আহবান জানান।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। জনগণকে গুজবে বিভ্রান্ত না হয়ে দায়িত্বশীল আচরণ করার আহবান জানানো হয়েছে। অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।