নবীগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০

হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনজুর মিয়া (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ)

Location :

Nabiganj
সংঘর্ষ
সংঘর্ষ |প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনজুর মিয়া (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনজুর মিয়া বেগমপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেগমপুর গ্রামের একটি সরকারি জমি দীর্ঘদিন ধরে খলিলুর রহমান ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি প্রতিপক্ষ হেলাল মিয়া ওই জমি বন্দোবস্ত নিয়েছেন বলে দাবি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। রোববার দুপুরে হেলাল মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে গিয়ে খলিলুর রহমানের লোকজনকে কাজ করতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের লোকজন।

সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে মনজুর মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মিয়া বলেন, ‘সরকারি জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’