মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
সুন্দরবনের নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
রোববার (১৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা মাহাবুর হোসেন।
গত ১৫ আগস্ট শনিবার এমভি আলফাডাঙ্গা প্রাইড নামক একটি বাণিজ্যিক জাহাজ ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আগমন করে। পরবর্তীতে, জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদী সংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থানকালে দুপুর ১২টার দিকে জাহাজের আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত একজন ক্রু নদীতে পড়ে যান।
এসময় রুটিন টহল চলাকালীন কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি টহল দলকর্তৃক ঘটনাটি পরিলক্ষিত হয় এবং তৎক্ষণাৎ ঘটনাস্থল হতে নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত উদ্ধার করে নিরাপদে তার জাহাজে পৌঁছে দেয়া হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, ‘জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’



