কক্সবাজারের সমুদ্র উপকূলে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩৩ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজার সংলগ্ন সাগর উপকূলে লাশটি ভেসে আসে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেনে। তিনি জানান, লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ভ্রমণের সময় ট্রলারডুবির ঘটনা ঘটে।
এ সময় স্থানীয় জেলেরা নিখোঁজ কিশোরটির বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) ও ভাই রালফকে (১৩) জীবিত উদ্ধার করে। পরে তাদের কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিখোঁজ ছিল আলবার্ট (১৬)। তারা সবাই নিউজিল্যান্ডের নাগরিক ও একই পরিবারের সদস্য।
এদিকে পুলিশ জানিয়েছে, সাগরপথে নিউজিল্যান্ডের নাগরিক পরিবারটি বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে চার সদস্য নিজেদের তৈরি বোট নিয়ে কক্সবাজার ঘুরতে আসেন।
কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী জানান, জীবিত উদ্ধার তিন নিউজিল্যান্ডের নাগরিক কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে রয়েছেন।
এদিকে আজ বুধবার দুপুরে সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হন এক পর্যটক। তাকে উদ্ধারে লাইফ গার্ড কর্মী ও কোস্ট গার্ড তৎপরতা চালাচ্ছে।



