পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতকরণে দেশের বিভিন্ন এলাকায় যানজটপূর্ণ টোল প্লাজায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
চলতি মাসের ২১ মে থেকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন-৫৩ বিজিবি-১ সেকশন বিজিবির ১০ জন সদস্য নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার আত্রাই টোল প্লাজা এলাকায় মোতায়েন করা হয়।
মোতায়েনকৃত বিজিবি সদস্যরা জেলা ও উপজেলা প্রশাসন, সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের সাথে সমন্বয় করে যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিতকরণ ও জনসাধারণের দুর্ভোগ লাঘবে করতে টোল প্লাজা এলাকায় দায়িত্ব পালন করছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (বিজিবি-৫৩) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখো সাধারণ মানুষের নিরাপদ যাত্রা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা কাজ করছে।’
তিনি আরো বলেন, ‘সরকারের নির্দেশনা বাস্তবায়নে বিজিবির সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আগামী ৩১ মে পর্যন্ত টোল প্লাজা এলাকায় দায়িত্ব পালন করবে।’



