বাগেরহাটে মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আজিজুল চৌধুরী (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছেন।
শনিবার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিঙ্গাধি গ্রামে এই ঘটনা ঘটে।
আজিজুল চৌধুরী মোল্লাহাট উপজেলা সিংগাতি গ্রামের মোশারফ চৌধুরীর ছেলে। আহতদের মোল্লাহাট, খুলনা ও গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম জানান, সিঙ্গাধি গ্রামের এরশাদ চৌধুরী ও তার ভাইয়ের ছেলে মাসুম চৌধুরীর মধ্যে জমিজমা ও আধিপত্য নিয়ে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে ২০ জন আহত হন। তাদের মধ্যে তিনজনকে গোপালগঞ্জ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৮টার দিকে আজিজুল চৌধুরী মারা যান।
ওসি জানান, সংঘর্ষের খবর পাওয়ার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতির শান্ত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানোর কথা বলেন তিনি। সূত্র : ইউএনবি



