গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মায় জেলের জালে ধরা পড়লো এক বিশাল আকৃতির কাতলা মাছ। ৩৫ কেজি ওজনের ওই কাতলা মাছটিকে ঘিরেই সরগরম হয়ে উঠেছিল ঘাটের আড়ত।
রোববার (৫ জুলাই) ভোর ৬টার দিকে পদ্মায় জেলের জালে আটকা পড়ে মাছটি।
জেলে জমির হলদারের জালে ধরা ৩৫ কেজি ওজনের কাতলাটি নিয়ে আসা হয় দৌলতদিয়ার ফেরিঘাটে অবস্থিত সম্রাট শাহজাহানের আড়তে।
শাহজাহান আড়তদার ওই কাতলা মাছটি ২ হাজার টাকা কেজি দরে ৭০,০০০ টাকায় কিনে নেন। কেনার কিছুক্ষণের মধ্যেই মাছটি ২১০০ টাকা কেজি দরে তিনি খুলনার এক প্রবাসীর কাছে ৭৩,৫০০ টাকায় বিক্রি করে দিয়েছেন।
স্থানীয়রা জানান, শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে জেলে জমির হালদার ও তার সহযোগীরা দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের ভাটির কলাবাগান এলাকায় পদ্মা নদীতে জাল ফেলেন। ভোররাতে জালে ভারী টান অনুভব করলে তারা জাল তুলে দেখতে পান বড় আকৃতির একটি কাতল মাছ আটকা পড়েছে।
মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, খুলনার ওই প্রবাসী আগেই তাকে বলে রেখেছিলেন, পদ্মা নদীর বড় আকারের কাতল মাছ পাওয়া গেলে, দাম যাই হোক না কেন, সে মাছ যেন তার জন্য সংরক্ষণ করা হয়। সেই বিবেচনায় এবং লাভের আশায় তিনি মাছটি কিনেছিলেন।
তিনি বলেন, পদ্মার বড় মাছের চাহিদা অনেক বেশি। তাই কিছুটা বেশি দামে কিনলেও শেষ পর্যন্ত ভালো দামেই বিক্রি করা সম্ভব হয়েছে।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ‘ইলিশ ধরায় নিষেধাজ্ঞা মৌসুম থাকায় বর্তমানে নদীর বড় মাছগুলো বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। ফলে কাতল, রুই, বোয়াল, বাগাড়সহ বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে।’
তিনি আরো জানান, পদ্মা নদীর এই অঞ্চলে স্থায়ীভাবে অভয়াশ্রম গড়ে তোলা গেলে ভবিষ্যতে আরো বেশি বড় মাছ পাওয়া যাবে।



