চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই মো: জাবেদ (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মহাসড়কের চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া বুলার তালুক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জাবেদ চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া পূর্ব সাতবাড়িয়া হাজির পাড়া গ্রামের মরহুম মোহাম্মদ রফিকের ছেলে। তার স্ত্রী ও এক বছরের একটি ছেলেসন্তান রয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মো: জাবেদ মোটরসাইকেলযোগে গাছবাড়িয়া খানহাটে তার ব্যবসা প্রতিষ্ঠানে আসছিলেন। এ সময় কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। বাসটি মোটরসাইকেলটিকে কক্সবাজারমুখে অন্তত ৫০-৬০ গজ দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে মোটরসাইকেল চালক জাবেদের মাথা থেতলে ঘটনারস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
দোহাজারী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো: সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘাতক যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালাক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’



