আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, ‘এখন বিচারকদের জন্য আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আমরা একটি স্বাধীন বিচার বিভাগ চাই।’
শুক্রবার (৮ মে) সকালে খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, ‘আওয়ামী সরকার যে দেশ রেখে গিয়েছিল তা থেকে ফিরিয়ে আনতে হাজারো মানুষকে আহত ও প্রাণ দিতে হয়েছে, জেল খাটতে হয়েছে। আমরা এ অবস্থার উত্তরণ চাই, বিচার ব্যবস্থা হবে স্বাধীন।’
তিনি বলেন, ‘বর্তমান সময়ের একটি বড় বিতর্ক জুলাই সনদ বাস্তবায়ন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তবে দেশের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে। বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারকে আরো সুসংহত করতে বিচারালয়কে তীর্থস্থানের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এজন্য আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত যোগ্যতার মান আরো উন্নত করতে হবে এবং সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখতে হবে। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। এ লক্ষ্যে ব্রিটিশ একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় শিগগিরই দেশের সব জেলা বারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।‘
খুলনা বারে ১৭৪ জন নবীন আইনজীবীকে এ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেন আইনমন্ত্রী। এ ছাড়া জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেয়া হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুদ রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমির এজাজ খান ও জাহাঙ্গীর হোসেন হেলাল, জেলা প্রশাসক হুরে জান্নাত এবং সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী।
এর আগে মন্ত্রী খুলনা জেলা জজ আদালতের কনফারেন্স রুমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন।



