পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় সোহেল (২৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ১০টার দিকে পুঠিয়ার কান্দ্রা পূর্বপাড়া আব্দুস সালামের কলা বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
সোহেল পুঠিয়ার জরমডাঙ্গা গ্রামের লিলতার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সোহেলের পরনের লুঙ্গি গলায় পেচিয়ে তাকে হত্যা করে ওই কলাবাগানে ফেলে রাখে দুর্বৃত্তরা।
কলাবাগানের মালিক আব্দুস সালাম জানান, বুধবার সকাল ৯টার দিকে কলাবাগান পরিচর্যার জন্য জমিতে গেলে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন তিনি। পরে পুঠিয়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সোহেলের লাশ উদ্ধার করে।
সোহেলের বাবা জানান, গতকাল মঙ্গলবার তার ছেলে সারাদিন ভ্যান চালিয়ে সন্ধ্যার আগে বাড়িতে আসে। সোহেল রাত সাড়ে ৭টার দিকে খাবার খেয়ে বাড়ি হতে বাজারের দিকে যায়। আনুমানিক রাত ৯টার দিকে তাকে কল করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বুধবার সকালে একটি কলা খেতে তার লাশের সন্ধান পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তার পরনের লুঙ্গি গলায় পেচিয়ে তাকে হত্যা করা হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বুধবার সকালে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাবা পুঠিয়া থানায় একটি মামলা করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।



