সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার ইন্তেকাল

মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক কোষাধ্যক্ষ, সাবেক প্রতিমন্ত্রী এবং মুন্সীগঞ্জ-২ আসনের দু’বারের নির্বাচিত এমপি।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা |নয়া দিগন্ত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, প্রবীণ রাজনীতিবিদ মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান সিনহা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।

পারিবারিক সূত্র ও তার মেয়ে তাসনিম সিনহার সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। লাশ যত দ্রুত সম্ভব দেশে আনা হবে বলে জানা গেছে।

মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক কোষাধ্যক্ষ, সাবেক প্রতিমন্ত্রী এবং মুন্সীগঞ্জ-২ আসনের দু’বারের নির্বাচিত এমপি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, প্রজ্ঞা, সাহসিকতা ও জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা দিয়ে তিনি মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছিলেন।

একজন দানবীর ও শিক্ষানুরাগী হিসেবে তিনি শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার উদ্যোগে বহু শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মিত হয়েছে এবং আধুনিক পরিবেশ গড়ে উঠেছে। সমাজ উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অবদান সর্বস্তরে প্রশংসিত।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, শিক্ষা সমাজ এবং স্থানীয় জনগণের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৬৪ সালে সিনহা ব্যাংকে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন। বাবার মৃত্যুর পর ১৯৭৫ সালে একমি গ্রুপে যোগ দিয়ে ১৯৮৩ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বিএনপির মনোনয়নে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দু’বার এমপি নির্বাচিত হন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নাম দলীয় প্রার্থীদের তালিকায় থাকলেও অসুস্থতার কারণে মনোনয়ন পরিবর্তন করা হয়।

মিজানুর রহমান সিনহার ইন্তেকালে মুন্সীগঞ্জ হারালো রাজনীতির অঙ্গনের এক প্রজ্ঞাবান, দূরদর্শী ও কিংবদন্তিতুল্য অভিভাবককে।