গলাচিপায় মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

ঈদের নামাজ শেষে সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে ফয়সাল ও তামিম দুই বন্ধু বেড়াতে বের হয়।

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Galachipa
সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত
সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফয়সাল মাতব্বর (১৮) ও তামিম হাওলাদার (১৮) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক সোহাগ হাওলাদার (২৫) ও রিকশায় থাকা যাত্রী ফরিদ হাওলাদার (২৫)।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গ্রামীণ ব্যাংকের সামনে গলাচিপা-উলানিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল মাতব্বর ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার আবু মিয়ার ছেলে। সে ঢাকার তামিরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখার দ্বাদশ শ্রেণির ছাত্র। নিহত তামিম হাওলাদার একই এলাকার ঝিলাম হাওলাদারের ছেলে এবং গলাচিপা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, ঈদের নামাজ শেষে সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে ফয়সাল ও তামিম দুই বন্ধু বেড়াতে বের হয়। সকাল সাড়ে ১০টার দিকে উলানিয়া বাজার থেকে গলাচিপা আসার পথে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের গ্রামীণ ব্যাংকের সামনে গলাচিপা থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তামিম মারা যায়।

গুরুতর আহত ফয়সাল, সোহাগ ও ফরিদকে হাসপাতালে নেয়ার পথে ফয়সাল মারা যায়। গুরুতর আহত অটোরিকশাচালক সোহাগ হাওলাদার ও যাত্রী ফরিদ হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইমতিয়াজ আহম্মেদ বলেন, দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।