নদীতে গোসল করতে গিয়ে ২ শিশু নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজন চিত্রা নদীতে নেমে দু’জনকে খোঁজাখুঁজির একপর্যায়ে যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে রাফিয়ার লাশ উদ্ধার করা হয়।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
পানিতে ডুবে শিশুর মৃত্যু
পানিতে ডুবে শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

নড়াইলের কালিয়া উপজেলায় চিত্রা নদীতে গোসল করতে নেমে প্রতিবেশী দুই শিশু নিখোঁজ হয়েছে। এদের মধ্যে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার মহিষখোলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয়রা জানান, কালিয়ার মহিষখোলা গ্রামের আবদুল্লাহ শেখের মেয়ে আরিয়া (৭) ও এনায়েতে শেখের মেয়ে রাফিয়া (৬) বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজন চিত্রা নদীতে নেমে দু’জনকে খোঁজাখুঁজির একপর্যায়ে যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে রাফিয়ার লাশ উদ্ধার করা হয়। শিশু আরিয়াকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী দুই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, গোসল করতে নেমে চিত্রা নদীতে দুই শিশু নিখোঁজের বিষয়ে অবগত হয়েছেন। এর মধ্যে একজনের লাশ উদ্ধার হলেও শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আরেকজন উদ্ধার হয়নি। নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।