তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আশ্বস্ত করলেন ত্রাণমন্ত্রী

‘যেহেতু তিস্তা বাঁচানোর আন্দোলন আমাদের মনের দাবি, দুই কোটি মানুষের জীবন রক্ষার একটা মহা দাবি উচ্চারিত হয়েছে- সেটি যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেজন্য আমরা কাজ করছি।’

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
গণমাধ্যমের সাথে কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
গণমাধ্যমের সাথে কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু |নয়া দিগন্ত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলের দুই কোটি মানুষের জীবন-জীবিকায় স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লালমনিরহাট সার্কিট হাউসে রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাথে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন তিনি।

এর আগে আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের নেতৃত্বে রংপুরের গণমাধ্যমকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় তিস্তা প্রকল্প বাস্তবায়ন ও কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হয় মন্ত্রীর কাছে।

পরে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘তিস্তা বাঁচানোর দাবিতে যে আন্দোলনের সূচনা করেছিলাম সেই সূচনায় আমার রংপুরের আমার প্রিয় গণমাধ্যমে যারা আপনারা কাজ করেছেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, তারা আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আপনাদের প্রতিবেদন, আপনাদের বক্তব্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকে নাড়া দিয়েছে। আমি সেজন্য প্রাণভরে কৃতজ্ঞতা প্রকাশ করি।’

ত্রাণমন্ত্রী বলেন, ‘আমি আশা করি, যেহেতু তিস্তা বাঁচানোর আন্দোলন আমাদের মনের দাবি, দুই কোটি মানুষের জীবন রক্ষার একটা মহা দাবি উচ্চারিত হয়েছে- সেটি যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেজন্য আমরা কাজ করছি। এই দাবি বাস্তবায়ন হলে রংপুর অঞ্চলের দুই কোটি মানুষের জীবন-জীবিকায় স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। এই বাস্তবায়নের পথেও আমার আপনাদের প্রচুর সহযোগিতার প্রয়োজন হবে। আমরা যেন থেমে না যাই। যতদিন পর্যন্ত এটি বাস্তবায়ন হবে না, ততদিন আমিও যেমন লেগে থাকবো, সরকারে থাকি, যেখানেই থাকি লেগে থাকবো, আপনারা আমার সাথে থাকবেন। আপনারা অতীতে যেভাবে আমাকে সহযোগিতা দিয়েছেন সেজন্য তো আমি প্রাণভরে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরো বলেন, ‘তিস্তা বাঁচাও আন্দোলনে বিশেষ করে রংপুর সাংবাদিকরা যেভাবে আমার সাথে আষ্টেপৃষ্ঠে লেগে ছিলেন, উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন, আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণাও দিয়েছেন। সেটা আমাকে অনেকখানি আশান্বিত করে তুলেছে।’

আসাদুল হাবিব দুলু বলেন, ‘আমরা সবাই রংপুরের মানুষ, বঞ্চনার শিকার হয়েছি দীর্ঘদিন। রংপুরের মানুষের উন্নয়ন হয়নি। আমি চেষ্টা করব যাতে রংপুরের মানুষের কর্মসংস্থানসহ অন্যান্য বিষয়গুলোতে যাতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।’