কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে মামলার হাজিরা দিতে এসে দুর্বৃত্তদের হামলায় দু’জন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে আদালতের গেটের ভেতরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার ভাই ও দলীয় নেতাকর্মী নিয়ে আদালতে একটি মামলার হাজিরা দিতে আসেন। এ সময় মোটরসাইকেল ও গাড়িতে করে আসা একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তাকে ও তার সাথে থাকা লোকজনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ লিয়াকত আলীর ভাই স্বেচ্ছাসেবক দলের নেতা মাইন উদ্দিন। অন্য আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন উপস্থিত জনতা। তবে হামলায় জড়িত অন্যরা পালিয়ে যান বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ধারণা, লিয়াকত মেম্বারের প্রতিপক্ষ এ হামলার সাথে জড়িত থাকতে পারেন।
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুল আলম জানান, হামলার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলায় ব্যবহৃত একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।



