মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) র্যালিটি পুরাতন সোনালী ব্যাংক মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ র্যালিতে অংশগ্রহণ করেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো: তাজুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমির হাজী আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মো: খায়রুল হাসান।
এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো: মুখলেছুর রহমান খান, পৌর জামায়াতের আমির মাওলানা আমিমুল এহসান, গাজীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল বাছেদ মোল্লা, মাওলানা আব্দুল হান্নান বেলালী, মাওলানা মুজিবুর রহমান, হাফেজ কামরুল হাসান প্রমুখ।
র্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মো: খায়রুল হাসান বলেন, ‘মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ও চব্বিশের জুলাই বিপ্লব একই সূত্রে গাঁথা। স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশের জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ লাভ করতে পারেনি। জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার হলেই স্বাধীনতার সুফল আসতে পারে।’
তিনি আরো বলেন, ‘ভোট ও ভাতের অধিকার এবং মতপ্রকাশের পরিপূর্ণ স্বাধীনতা এখনো আমরা অর্জন করতে পারিনি। শোষিত অধিকার বঞ্চিত মানুষের কান্না এখনো থামেনি। জুলাই সনদকে আইনি মর্যাদা দেয়ার মাধ্যমে বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতীয় ঐক্য এখন সময়ের দাবি।’



