উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। শুরু থেকেই নারী-পুরুষ ও তরুণ ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে বিভিন্ন কেন্দ্রে।
শীতের সকাল উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। অনেক কেন্দ্রেই প্রথম ঘণ্টায় ভোটারদের ব্যাপক উৎসাহ দেখা যায়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন অফিসের তথ্যমতে, এ আসনে এবার মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপির সরওয়ার জামাল নিজাম (ধানের শীষ), ১১ দলীয় জোটের মাহমুদুল হাসান চৌধুরী (দাঁড়িপাল্লা), বৃহত্তর সুন্নী জোটের এস এম শাহজাহান (মোমবাতি), গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মোহাম্মদ এমরান (সিংহ), ইনসানিয়াত বিপ্লবের মুহাম্মদ রেজাউল মোস্তফা (আপেল), জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী (লাঙ্গল) এবং গণঅধিকার পরিষদের মো: মুজিবুর রহমান (ট্রাক)।
আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় মোট ১৬টি ইউনিয়ন রয়েছে। এরমধ্যে আনোয়ারায় ১১টি এবং কর্ণফুলীতে পাঁচটি ইউনিয়ন অন্তর্ভুক্ত। মোট ভোটার সংখ্যা তিন লাখ ৯৫ হাজার ২৪৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ সাত হাজার ৭১৪ জন এবং নারী ভোটার এক লাখ ৮৭ হাজার ৫৩২ জন। মোট ভোটকেন্দ্র ১১৮টি এবং ভোটকক্ষের সংখ্যা ৭৯০টি।
নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মধ্য আনোয়ারায় ২৮টি এবং কর্ণফুলীতে ২২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নজরদারি, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য ও তিনজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে সেনাবাহিনীর ৫৪১ জন সদস্য, পুলিশ ৩৬০ জন, র্যাব ১৫ জন, বিজিবি ৮০ জন এবং আনসার সদস্য এক হাজার ৫৩৪ জন। আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে দায়িত্ব পালন করছেন আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কেন্দ্রে আসা ভোটাররা জানান, দীর্ঘদিন পর এমন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।
কয়েকজন ভোটার বলেন, গত ১৭ বছরে এমন স্বতঃস্ফূর্ত ও উৎসবের আমেজে ভোট দেখিনি। দীর্ঘ সময় পর এ ধরনের পরিবেশে ভোট দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে।
প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।



