গুম-খুনের ঘটনায় বিচার দাবিতে সিলেটে এনসিপির বিক্ষোভ

মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর এনসিপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দলটির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নিয়ে গুম-খুনের বিচার, রাজনৈতিক সহিংসতার অবসান এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক সন্ত্রাসের বিচারের দাবিতে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর এনসিপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দলটির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নিয়ে গুম-খুনের বিচার, রাজনৈতিক সহিংসতার অবসান এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা এনসিপির আহ্বায়ক জুনেদ আহমেদ। মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা বহন করেন।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, জেলা সদস্য সচিব কামরুল হাসান আরিফ, মহানগর সদস্য সচিব কিবরিয়া সারওয়ার, বিমানবন্দর থানা আহ্বায়ক মুজিব রানা, জেলা সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইউসুফ, যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার নাসিম হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা আহ্বায়ক ফয়জুল বারী, গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক উবায়েদ এবং গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক আসাদুজ্জামান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী মত দমনে গুম, খুন, রাজনৈতিক নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বহু ঘটনা ঘটেছে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা বলেন, দেশে আইনের শাসন, মানবাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার স্বার্থে অতীতের সব অন্যায়-অবিচারের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।