ময়মনসিংহের গফরগাঁওয়ে সহপাঠীদের সাথে পুকুরে গোসলে নেমে নিখোঁজের প্রায় সাড়ে ১৬ ঘণ্টা পর মো: তামিম (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ৭টার দিকে উপজেলার পৌর এলাকায় আলহাজ্ব নিশাই সরকার জামে মসজিদ সংলগ্ন একটি পুকুর থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা।
তামিম স্থানীয় কলাবাগান এলাকার বেপারী বাড়ির মো: রনির ছেলে। সে ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
শিশুর স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে খেলা শেষে বন্ধুদের সাথে তামিম গোসল করতে পুকুরে নামে। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। অবশেষে জানতে পারেন তামিম পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে।
খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে ছেলেটির লাশ খুঁজতে পানিতে নামেন। সন্ধ্যার পর পুকুরে জাল টানার পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রাত ৮টা পর্যন্ত শিশুটির লাশ খুঁজে পাওয়া যায়নি।
মঙ্গলবার সকালে স্বজনরা পুকুরে মোটর বসিয়ে পানি সেচ করলে হঠাৎ শিশুর লাশ ভাসতে দেখে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে।
গফরগাঁও মহিলা কলেজের প্রভাষক সাব্বির কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। ’
এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান শেখ বলেন, ‘এক শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয়দের মাধ্যমে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’



